রা রাজবাড়ী জেলা তথ্য বাতায়ন
হোম / ইতিহাস ও নামকরণ

ইতিহাস ও নামকরণ

নামকরণ

রাজবাড়ী নামের উৎপত্তি নিয়ে একাধিক মত আছে। একটি মতে, পলাশীর যুদ্ধের পর সিরাজউদ্দৌলার কর্মকর্তা প্রভুরামের বংশধর রাজা সূর্য কুমারের নামানুসারে এলাকার নাম রাজবাড়ী। আরেক মতে, মুঘল আমলে শায়েস্তা খানের সময় পর্তুগিজ জলদস্যু দমনে নিযুক্ত সংগ্রাম শাহের বংশধর বানীবহের নাওয়ারা চৌধুরীদের বাড়িকে স্থানীয়রা "রাজবাড়ী" বলত।

সংক্ষিপ্ত ইতিহাস

  • ১৬০৭: সম্রাট জাহাঙ্গীরের আমলে সৈয়দ শাহ পাহলোয়ানের পরিবারকে পদমদীতে জায়গির দেওয়া হয়; পরে তাঁরা পদমদীর নবাব পরিবার হিসেবে পরিচিত হন।
  • ১৮১১: যশোর জেলা থেকে পৃথক হয়ে এলাকাটি নবগঠিত ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত হয়।
  • ১৮৭১: গোয়ালন্দ মহকুমা গঠিত হয়, সদর দপ্তর রাজবাড়ীতে। একই বছর কলকাতা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেলপথ চালু হয়।
  • ১৮৯০: রাজবাড়ী রেলওয়ে স্টেশন স্থাপিত হয়।
  • ১৮৯২: রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৮৪ (১ মার্চ): গোয়ালন্দ মহকুমা রাজবাড়ী জেলায় উন্নীত হয়।